রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি একটি কূটনৈতিক বাসভবন। তাই নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া সেখানে আমাদের প্রবেশের সুযোগ নেই। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বাসভবনের একটি টেলিভিশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘন ধোঁয়া দ্রুত পুরো বাসভবনে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন হাইকমিশনার দম্পতি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারহাউস পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন বড় আকার ধারণ করেনি। তাই দ্রুতই তা নির্বাপণ করা সম্ভব হয়েছে। তবে বাসভবনে প্রচুর ধোঁয়া জমে যায়। পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া অপসারণ করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: বিলুপ্ত হচ্ছে র্যাব, আসছে নতুন বাহিনী
