শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ছেড়ে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। এর আগে বিকেল পৌনে চারটার দিকে দ্বিতীয়বারের মতো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড় সোয়া এক ঘণ্টার বেশি অবরোধ করে শিক্ষার্থীরা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সেখান থেকে সংসদ অভিমুখে যাত্রা করেন।
শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবি হলো-
১. অনতিবিলম্বে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসংগতিপূর্ণ কথা–বার্তার জন্য ক্ষমা চাইতে হবে।
২. যারা ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা করেনি– সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে।
৩. আগামীকালের অর্থাৎ ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে, পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব হতে হবে।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
