দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। একটা ম্যাসেজ সবার কাছে যাওয়া উচিত, এটা শেখ হাসিনার সরকার না।
দিল্লিতে হেনস্থা নিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল। ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা সঠিক নয়।
ডা. জাহেদ উর রহমান বলেন, এ ঘটনা দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। এটা পজিটিভ বার্তা হিসেবে ভারতের নেওয়া উচিত। ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক চায় বাংলাদেশ। তবে, দেশের আত্মসম্মান বিকিয়ে কোনো সম্পর্ক সরকার করবে না।
উল্লেখ্য, গতকাল রোববার (১৫ জুন) ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে কোনো ব্যাখ্যা ছাড়াই প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। তিনি ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের (আইওআর) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের একটি বৈঠকে যোগ দিতে সেখানে গিয়েছিলেন।
বিস্ময়কর বিষয় হলো, বিমানবন্দরে পৌঁছানোর পর শুরুতে তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। অথচ উপদেষ্টা জাহেদ উর রহমানের এই দিল্লি সফরের বিষয়টি অন্তত দুই দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল বাংলাদেশ দূতাবাস। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষার পর পরবর্তী সময়ে ভারতের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অপমানের প্রতিবাদে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকেই তাৎক্ষণিক ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: ডা. জাহেদকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
