প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া এই ঘটনায় ঢাকা তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে।
আজ সোমবার বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক বলে মন্তব্য করেন।
খলিলুর রহমান বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাবো।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন কর্মকর্তারা ডা. জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করেন। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে আজ দুপুরে ঢাকায় ফিরেছেন তিনি।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও রহস্যজনক’ বলে অভিহিত করেছে।
দিল্লিতে আজ সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
