প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লি বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। প্রথমে তার প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে প্রবেশের জন্য অনুরোধ জানায়। তবে বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং আত্মসম্মানবোধের কারণে তিনি দিল্লিতে প্রবেশ না করেই অন্য একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসছেন।
রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা চলাকালে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সফরে ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন বিভাগ কিছু অজুহাত দেখিয়ে তার প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করে এবং তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় এবং ভেতরে যাওয়ার জন্য অনুনয়-বিনয় করে। কিন্তু বিমানবন্দরে এমন অনভিপ্রেত আচরণের শিকার হওয়ার পর আত্মসম্মানবোধের কারণে তিনি আর দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং অনতিবিলম্বে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
উপদেষ্টা জাহেদ প্রতিমন্ত্রী হিসেবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য। তবে তিনি রোববার বিকেল তিনটা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করেছিলেন। দিল্লির বিমানবন্দরে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়েছিল।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উপদেষ্টা জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তা-সংক্রান্ত নজরদারি তালিকায় ছিল। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন। এরপর যাচাইয়ের জন্য তাকে আটক করা হয়।
সূত্রটি নিউজ১৮-কে জানায়, প্রশাসনিক ত্রুটির কারণে জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা তাকে ছাড়পত্র দেন।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে ভারত। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব ইনফ্লুয়েন্সারের বক্তব্য ভারতবিরোধী। এই তালিকায় জাহেদ উর রহমানের নামও রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: দুবাই বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর
