অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
অদ্ভুত ও ব্যতিক্রমী নামের কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এই মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে মহিষটি কিনে নিয়েছিলেন।
ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মহিষটিকে একনজর দেখতে ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। শুধু নারায়ণগঞ্জ নয়, বরিশাল, কুমিল্লাসহ দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। কেউ কেউ কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পায় ভাইরাল এই মহিষটির খবর।
আরও পড়ুন: মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নুরুন্নাহার নিম্নি
