, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

দাম বাড়লো সয়াবিন তেলের


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২৬ ৪:৩৩ : অপরাহ্ণ

দেশের বাজারে সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতল এখন বিক্রি হবে ১০৪০ টাকায়।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারমূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ বিবেচনায় নিয়ে দেখা গেছে, মূল্য বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে দেশের বাজারে এ সমন্বয় করা হয়েছে। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজানের শুরু থেকেই কিছু প্রভাবশালী কোম্পানি ডিলারদের মাধ্যমে বোতলজাত তেলের সরবরাহ সীমিত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকারের প্রতি নতুন চাপ তৈরি করে দাম বাড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, সরবরাহে প্রকৃত সংকটের চেয়ে সিন্ডিকেটের তৎপরতাই বেশি প্রভাব ফেলছে। তাদের মতে, বাজারে দাম বাড়লে দ্রুত তার প্রভাব পড়ে খুচরা পর্যায়ে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রতিফলন দেখা যায় না।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ভোজ্যতেলের সরবরাহ ব্যবস্থায় বাস্তবে কোনো ঘাটতি নেই। দীর্ঘদিন ধরেই কিছু ব্যবসায়ী বিভিন্ন অজুহাতে দাম বাড়ানোর সুযোগ খুঁজছিলেন, আর বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে তারা সেই সুযোগ হিসেবে ব্যবহার করছেন।

তিনি বলেন, দেশে ভোজ্যতেলের দাম বাড়লে দ্রুতই তার প্রভাব সব পর্যায়ের বাজারে পড়ে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সাধারণ ভোক্তা সেই সুফল খুব কমই পান।

আরও পড়ুন: এলপিজি কার্ডে কী সুবিধা থাকবে, কারা পাবেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর