ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা।
জানা গেছে, পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়।
ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকেই পেন্টাগনের খোলনলচে পাল্টে ফেলতে অত্যন্ত দ্রুতগতিতে কাজ করছেন। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে একজন জেনারেলকে এভাবে পদচ্যুত করার ঘটনা মার্কিন ইতিহাসে বিরল।
অবশ্য, বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’।
অথচ, মার্কিন এই সেনাপ্রধানের মেয়াদ আরও এক বছরেরও বেশি বাকি ছিল।
এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’
ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অভিজ্ঞ পদাতিক কর্মকর্তা র্যান্ডি জর্জ ২০২৩ সালে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
সূত্রমতে, হেগসেথের সাবেক সামরিক সহকারী এবং বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
মার্কিন সেনাপ্রধানকে এমন এক সময়ে বরখাস্ত করা হলো যখন মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনীর এলিট ৮২ তম এয়ারবর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে, যারা সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর ভেতরে এমন অস্থিরতা অভিযানের ওপর কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ৫৩ বছর পর চাঁদে নভোচারী পাঠালো যুক্তরাষ্ট্র
