, | |

মূলপাতা জাতীয়

মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী


আজ সন্ধ্যায় মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৬ ৯:১৫ : অপরাহ্ণ

রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে পৌঁছান তারা।

প্রধানমন্ত্রী সিনেমা দেখতে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য এখন ‘টক অব দ্য টাউন’। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। দেশের শীর্ষ নেতার এভাবে সাধারণ দর্শকদের মাঝে উপস্থিত হওয়ার মুহূর্তটি নেটিজেন ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

জানা গেছে, সীমান্ত সম্ভারে হলিউডের সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘প্রজেক্ট হেইলি মেরি’ দেখেছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

বিষয়টি নিশ্চিত করে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এটি নিঃসন্দেহে আনন্দের। আমাদের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো টিকেট কেটে সবার সঙ্গে সিনেমা দেখেছেন। পপকর্নও কিনেছেন। উনাকে এভাবে দেখে সাধারণ দর্শকরা খুব উচ্ছ্বসিত ছিলেন।’

স্টার সিনেপ্লেক্সের এ কর্মকর্তা আরও বলেন, ‘এর আগেও উনি সিনেমা দেখতে হলে এসেছিলেন। ২০০৪-২০০৫ সালের দিকে। তখন আমাদের একটি মাত্র শাখা ছিল বসুন্ধরায়। উনি সেখানে এসেছিলেন সিনেমা দেখতে।’

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সিনেমা দেখা শেষ করে প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, ‘সিনেমা কেমন ছিল?’ হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী উত্তর দেন, ‘ভালো ছিল, দেখতে পারেন সবাই।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী সিনেমা দেখতে সরাসরি হলে গিয়েছেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আগামীতে সৃজনশীল নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা আরও উৎসাহিত হবেন।’

আরও পড়ুন: অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর