ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে আজ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মুসলমানরা ৩০টি রোজা রাখবেন।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে তুরস্ক, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশগুলোতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবেন মুসলমানরা।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এই হিসেবে আগামী শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ঈদের তারিখ ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)।
এদিন হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই বৈঠক থেকেই দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।
এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ ক্ষেত্রে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রসঙ্গত, আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো নবম মাস। আর শাওয়াল হলো দশম মাস। এই শাওয়াল মাসের প্রথম দিনই বিশ্বব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।
আরও পড়ুন: নেতানিয়াহুর অনুপস্থিতি ঘিরে তেল আবিবে বিক্ষোভ
