রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে অবজারভেশনে রাখা হয়েছে।
আজ শুক্রবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
ডা. রফিক জানান, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে, তার শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
এদিকে জুমার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়।
উল্লেখ্য, গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
আরও পড়ুন: আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
