রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ সোমবার নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
এর আগে গতকাল রোববার ঢাকাসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতাদের নিয়োগ দেয়। দক্ষিণ সিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে প্রশাসক করা হয়েছে।
প্রশাসক নিয়োগের আলোচনা-সমালোচনার মধ্যে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন ঢাকা সিটির প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
এর আগে আওয়ামী লীগ আমলে ২০২০ সালে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মেয়র পদে নির্বাচন করেছিলেন ইশরাক হোসেন। তখন ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ৫ আগস্ট পরবর্তী সময়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশিত হয়। তবে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরোধিতার কারণে ইশরাকের আর মেয়রের চেয়ারে বসা হয়নি।
আরও পড়ুন: ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতারা
