বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি


শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ শনিবার তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে উপাচার্য মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। একই সঙ্গে এসব ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।

দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন ড. নিয়াজ আহমদ খান। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি, আমি সরে দাঁড়াতে চাই।’

রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ড. মুহাম্মদ ইউনূস কোথায় আছেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর