রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় চট্টগ্রাম জেলা থেকে দুজন ঠাঁই পেয়েছেন। গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজনীতি সংবাদের অনলাইনে প্রকাশিত ‘বিএনপির মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে ঠাঁই পাচ্ছেন দুজন!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বিএনপির মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে দুজন স্থান পেতে পারেন বলে উল্লেখ করা হয়। শেষ পর্যন্ত রাজনীতি সংবাদের এই রিপোর্ট সত্য হলো।
বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে নির্বাচিত এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের এমপি মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রাজনীতি সংবাদের প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম থেকে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন প্রবীণ-নবীন দুই এমপি।। এদের মধ্যে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে নির্বাচিত হওয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়টা অনেকটা নিশ্চিত করা হয়। এ ছাড়া তিন নবীন এমপি হুম্মাম কাদের চৌধুরী, মীর হেলাল এবং সাঈদ আল নোমানের মধ্যে একজনকে মন্ত্রিসভার সদস্য করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শেষ পর্যন্ত তিন প্রবীণ এমপির মধ্যে আমীর খসরু আর নবীন এমপির মধ্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে চট্টগ্রাম থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হন ৬ জন। এর মধ্যে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে নির্বাচিত এমপি মোরশেদ খান হন পররাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) থেকে নির্বাচিত এমপি এলকে সিদ্দিকী হন পানিসম্পদমন্ত্রী, চট্টগ্রাম-৯ (পাহাড়তলী-হালিশহর) আসন থেকে নির্বাচিত এমপি আবদুল্লাহ আল নোমান হন মৎস্য ও পশুসম্পদমন্ত্রী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে নির্বাচিত এমপি আমীর খসরু মাহমুদ চৌধুরী হন বাণিজ্যমন্ত্রী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচিত এমপি জাফরুল ইসলাম চৌধুরী হন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং টেকনোক্রেট কোটায় বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হন মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
আরও পড়ুন: বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা
