, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

দুটি শপথ নিয়েছেন জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৪ : অপরাহ্ণ

সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য হিসেবে দুটি শপথই নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও সংবিধানে না থাকার যুক্তিতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। যদিও আজ মঙ্গলবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ উভয় শপথ নেওয়ার কথা ছিল তাদের। সে অনুযায়ী, সরকারের প্রস্তুতিও নেওয়া ছিল।

এ পরিস্থিতিতে শপথ না নেওয়ার কথা বলেছিল বিরোধী জামায়াত ও এনসিপি জোট। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১১ দলীয় জোট বৈঠকে বসে। পরে তারা শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রথমে শপথ নেন জামায়াতের নির্বাচিত ৬৮ জন সংসদ সদস্য। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

জামায়াতের সংসদ সদস্যদের পর দুটি শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল।

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সংবিধানে নেই। তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরেও বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হয়নি।

বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এ বিষয় যুক্ত না থাকায় বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন না। তিনি বলেন, ‘আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এই রকম ফরম (সংসদ সদস্যদের শপথ ফরম) সংবিধানে নেই। এই সাদা ফরম তৃতীয় তফসিলে আছে। এই রকম ফরম তৃতীয় তফসিলে আসবে। সেগুলো জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত এসেছি। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, এবং আশা করি সামনের দিনেও চলব। মাননীয় চেয়ারম্যানের নির্দেশে, উনার উপস্থিতিতে আপনাদের এই দলীয় সিদ্ধান্ত জানালাম।’

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর