নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
এনসিপির বাংলামোটর কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হন। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ’-এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ও মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে কয়েকজন ব্যক্তি এক গৃহকর্মীর ঘরে ঢুকে তার স্বামীকে বেঁধে ফেলে। এ সময় তারা এনসিপিকে ভোট দেওয়ার অভিযোগে তাকে পাশবিক নির্যাতন চালায়। গতকাল শনিবার বিকেলে ওই ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ৩০ আসনে ভোট পুনঃগণনা ও শপথ স্থগিত রাখার আহ্বান জামায়াতের
