রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত রংপুর বিভাগের কোনো আসনেই জয় পায়নি দলটি। শুধু তাই নয়, ভোটের লড়াইয়েই টিকে থাকতে পারেননি দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর-৩ (সিটি কর্পোরেশনে ও সদর) আসনে তৃতীয় স্থান অর্জন করেছেন জিএম কাদের। একই পরিণতি হয়েছে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর। গাইবান্ধা-১ আসনে তিনিও তৃতীয় স্থানে থেকে ছিটকে পড়েছেন।
জাতীয় পার্টির এই ভরাডুবির বিপরীতে রংপুরজুড়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ভোটের মাঠে জয়জয়কার করেছে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীরা। ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে জামায়াত, আর বাকি একটিতে জয়ী হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করলেও অল্প ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থানেই সীমাবদ্ধ থেকেছে।
রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী ১ লাখ ৭৪ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকারম হোসেন সুজন ধানের শীষে ৬৯ হজার ১৩১ ভোট পেয়েছেন।
রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর এটিএম আজাহারুল ইসলাম ধানের শীষে ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীষে ৮০ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন।
সবচেয়ে আলোচিত রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শামসুজ্জামান সামু ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন। এ আসনে জিএম কাদের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হেরে গেছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫। ২০২৪ সালে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলের নেতা হন।
রংপুর-৪ আসনে এনসিপির আকতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
রংপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট।
রংপুর-৬ আসনে জামায়াতের নুরুল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।
রংপুরের বাইরেও জাতীয় পার্টির ধস নেমেছে। গাইবান্ধা-১ আসনে জামায়াতের মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭। এখানে জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারী পেয়েছেন ৩৩ হাজার ৯৭৬ ভোট।
আরও পড়ুন: তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলাম জয়ী
