বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা খেলা

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান



স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ নেবে পাকিস্তান। ম্যাচটি বয়কটের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির মধ্যে নিবিড় আলোচনা চলছিল।

উল্লেখ্য, ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের ওপর কোনো জরিমানা করা হবে না। পাশাপাশি ২০২৮–২০৩১ চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হয়েছে।

 

এই সিদ্ধান্তের পর বিসিবি এক বিবৃতিতে পিসিবির প্রতি কৃতজ্ঞতা জানায় এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি অনুরোধ জানায়।

এর আগে, গত রোববার বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসি পরিচালক পিসিবির সঙ্গে আলোচনার জন্য লাহোরে পৌঁছান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি প্রকাশ করতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে বিসিবি ছাড়া একমাত্র পিসিবিই ভোট দিয়েছিল। এ বিষয়ে মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন এবং বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন।

আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য কিছু সুবিধা আদায়ের পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে পাকিস্তান।

বিশ্বকাপ না খেলায় শাস্তি পাচ্ছে না বাংলাদেশ, উল্টো পাচ্ছে পুরস্কার
নিজেদের অবস্থানে অনড় থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো ধরনের শাস্তি বা জরিমানা আরোপ করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে আরও একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইসিসি জানায়, চলমান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না।

একই সঙ্গে আইসিসি জানায়, প্রয়োজনে বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিসপিউট রেজোলিউশন কমিটি-ডিআরসি)-এর কাছে যাওয়ার অধিকার বিসিবির থাকবে।

আরও পড়ুন: ভারতের কূটচালে বাংলাদেশ বাদ, বিশ্বকাপে জায়গা পেলো স্কটল্যান্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর