শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে নির্ধরণ করবেন কে হচ্ছেন আগামীর সরকারের প্রধান।
এর আগে শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন স্থানে মধ্যরাতেও গণসংযোগ করেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। প্রার্থী ও তাদের কর্মীরা নিজ নির্বাচনি এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চান।
সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা ব্যক্ত করেন প্রত্যেকেই। এদিকে, বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগও করেন কেউ কেউ। তবে ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশ।
১২ ফেব্রুয়ারি ২৯৯ সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী দুই হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন প্রার্থী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতের ২২৯ জন প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৯৮ জন প্রার্থী।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
আরও পড়ুন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল নিতে বাধা নেই
