, | |

মূলপাতা বিএনপি

অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ করলেন তারেক রহমান


আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৯ : অপরাহ্ণ

অতীতে বিএনপির শাসনামলে ‘অনিচ্ছাকৃত’ কিছু ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনায় কোনো ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিএনপির চেয়ারম্যান বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং প্রতিটি পরিবারের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে সমর্থন ও ভোট প্রয়োজন। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই।

তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। দুর্নীতি দমনে বিএনপি সরকার যতটা কঠোর হওয়া যায়, ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে-এটি বিএনপির অঙ্গীকার।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। ফ্যাসিবাদ আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারির তথাকথিত নির্বাচনে জনগণকে পরিবারকে সময় দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি তার আহ্বান-১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার জন্য।

তারেক রহমান বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত এমপিরা জনগণের দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা-তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা। বক্তব্যের শেষাংশে তিনি ধানের শীষের বিজয় কামনা করে বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন।

আরও পড়ুন: মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর