, | |

মূলপাতা বিএনপি

জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৩ : পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার দলের এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।

গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিএনপিকে নেতৃত্ব দেওয়া ৬০ বছর বয়সী তারেক রহমান প্রাই দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত ডিসেম্বরে দেশে ফিরেছেন। তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে ফেরেন তিনি। শেখ হাসিনা ছিলেন তারেক রহমানের মা ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের প্রতিপক্ষ।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকলেও এখন দলটির পুনরুত্থান ঘটেছে। এই দুই দল মিলে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেছে।

জামায়াত ইতোমধ্যেই বলেছে, দেশকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য একটি ঐক্য সরকারের জন্য ওই অংশীদারত্ব পুনরায় চালু করার বিষয়ে আগ্রহী দলটি।

গতকাল শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে বসে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি, আর যদি এমনটা হলে বিরোধী দল কে হবে?’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি জানি না, তারা (জামায়াত) কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাবো।’

বিএনপির সিনিয়র নেতারা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোতে লড়ছেন তাদের মিত্র জোটের প্রার্থীরা।

 

যদিও নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে, সে সংখ্যা উল্লেখ করতে চাননি তারেক রহমান। তবে তিনি বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।’

রয়টার্স বলছে, সব জনমত জরিপেই বিএনপি জয়ী হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে, তবে তাদেরকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পারে, সেই জোটে রয়েছে তরুণদের নেতৃত্বে হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন–জিদের দল এনসিপি।

তারেক রহমানকে রয়টার্স প্রশ্ন করেছিল যদি তার দল জয়ী হয় তাহলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কি না।

এ প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, যেসব প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সবার সঙ্গে বন্ধুত্ব করবো। আলাদা কোনো দেশের সঙ্গে নয়।’

স্বৈরাচার শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কি না-এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়। তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ আছে।’

আরও পড়ুন: দুই ধরনের কার্ড চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর