প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ডিসিসহ কয়েকজন আহত হয়েছেন। এসময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের।
আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে এ ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর যমুনার সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে সংঘর্ষের ঘটনার পর যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর আগে যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা।
সংঘর্ষের ঘটনার পর দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।
এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।
বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।
বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
আরও পড়ুন: রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ
