রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, স্থাপত্যশৈলী আর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্প্রতি স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক এই জনপদ ঘুরে দেখেন তিনি। ঢাকাইয়া আতিথেয়তা আর প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধনে মুগ্ধতা প্রকাশ করেছেন এই মার্কিন দম্পতি।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূতের এই সফর শুরু হয় মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা পরিদর্শনের মাধ্যমে। বিশেষ করে কেল্লার হাম্মামখানা (তৎকালীন রাজকীয় স্নানাগার) ঘুরে দেখেন তারা।
ঐতিহাসিক এই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের আর্থিক সহায়তায় সংস্কার ও সংরক্ষণ করা হয়েছে। পুনরুজ্জীবিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কাজ ঘুরে দেখেন রাষ্ট্রদূত।
লালবাগ কেল্লা থেকে বেরিয়ে তারা যান সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানে। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারা পুরান ঢাকার চিরচেনা সেই ব্যস্ত গলিপথে হেঁটে বেড়ান। যান্ত্রিক শহরের মধ্যে পুরান ঢাকার মানুষের জীবনযাত্রা এবং অলিগলি দেখে রাষ্ট্রদূত বেশ রোমাঞ্চিত হন।
স্থাপত্যশৈলীর সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ‘এখানে দারুণ কাজ হয়েছে, যা সত্যিই খুব সুন্দর। মাত্র কয়েক বছর আগে যেরকম দেখেছিলাম, তার চেয়ে একেবারেই আলাদা। আজ আমি জানতে পারলাম যে, আমি আগে এখানে একবার এসেছিলাম। প্রথমে মনে পড়েনি, কিন্তু যখন তারা আমাকে ঘুরিয়ে দেখাল, তখন মনে পড়ল। তাই আবার এখানে ফিরে আসতে পেরে এবং এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লেগেছে।’
সফরের শেষ পর্বে ঢাকাই খাবারের স্বাদ নেন ক্রিস্টেনসেন দম্পতি। রাস্তার ধারের জনপ্রিয় মসলা চা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুস্বাদু বিরিয়ানি খেয়ে তাদের ভ্রমণ শেষ হয়।
আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো?
