বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান


আজ সন্ধ্যায় যমুনার প্রবেশমুখে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০২ অপরাহ্ণ

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়েছে বারবার। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে জুমা বলেন, ‘অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব জনগণের সহায়তা নেবে। সারা দেশের জনগণ নিয়ে যমুনার সামনে বসবে। তখন সামলানোর দায়িত্ব থাকবে সরকারের।’

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা চাই জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত হোক। কারণ, ৫৪-৫৫ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত খুনের পেছনে কারা রয়েছে সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারি নাই। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরে এই খুনের বিচার আদৌ হবে কি না-এ ধরনের একটা আশঙ্কা বোধ করছি আমরা। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমাদের সর্বশেষ আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। আমরা চাই তিনি জাতিসংঘকে একটা চিঠি প্রেরণ করুক, যাতে জাতিসংঘের অধীনে যেভাবে জুলাই গণহত্যার একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে, সেভাবে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত যাতে জাতিসংঘের অধীনে হয়।’

 

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা গত চার-পাঁচ দিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমরা সেখান থেকে কোনো ধরনের উত্তর পাইনি। তারা আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারে নাই যে মুহাম্মদ ইউনূসের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কি না। শহীদ হাদির স্ত্রী যিনি কখনো রাজপথে আসেন নাই, তিনিও আজকে এখানে আসতেছেন। কারণ, তিনি মনে করছেন যে জাতিসংঘের অধীনে যদি এটার তদন্ত না হয় তাহলে হয়তো তাঁর স্বামীর হত্যার বিচার হবে না।’

যমুনার সামনে উপস্থিত হয়ে ইনকিলাব মঞ্চের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্পষ্ট কোনো বার্তা সরকার থেকে আসেনি। আমরা মনে করি যে সরকার থেকে স্পষ্ট বার্তা আসবে। যেহেতু এই আসন থেকে আমি নির্বাচন করছি। এখানে যেকোনো ন্যায্য দাবি যারা করে তাদের কাছে আমার যাওয়া উচিত। সেই জায়গা থেকে আমার দায়িত্ববোধ থেকে এখানে আমি এসেছি। আমরা আশা করব, দ্রুত সরকার শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে স্পষ্ট বক্তব্য দেবে।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: হাদি হত্যা মামলায় নতুন মোড়, সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর