, | |

মূলপাতা আইন-আদালত

ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় কেডিএস গ্রুপের খলিল কারাগারে


কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৮ : পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংকের ৪৫৯ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৮৫ বছর বয়সী এই শিল্পপতিকে হাতকড়া ও হেলমেট পরিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক খলিলুর রহমান গতকাল রোববার ঢাকা মহানগর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) খলিলুর রহমানের আইনজীবীরা আদালতে আবারও জামিন আবেদন করেন। তবে বিচারক সেই আবেদনও নাকচ করে দেয়।

খলিলুর রহমান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষও তার জেলে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রামের আরেক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সাদ মুসা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৪৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত ৩০ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় সিকদার গ্রুপের চার পরিচালক-রন হক সিকদার (ব্যবস্থাপনা পরিচালক), তার ভাই রিক হক সিকদার, মা মিসেস মনোয়ারা সিকদার ও বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারকে আসামি করা হয়। এছাড়া সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নামও আছে আসামির তালিকায়।

জানা গেছে, গত বছরের ২৪ মে ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনোয়ারা সিকদার, সাবেক পরিচালক খলিলুর রহমানসহ মোট ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

জানা গেছে, করোনা মহামারির সময় প্রণোদনার ঋণের ৪০৪ কোটি টাকা আত্মসাতে সহায়তার অভিযোগে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। গত বছরের মে মাসে দুদকের করা ওই মামলায় সিকদার পরিবারের চার সদস্যসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: ভারতীয় নাগরিক খুন: চট্টগ্রামের শিল্পপতির ছেলে টিটুর যাবজ্জীবন বহাল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর