ফেব্রুয়ারি মাসের জন্য দেশে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডারের দাম আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম পড়বে এখন ১ হাজার ৩৫৬ টাকা।
আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ৩৩ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৩ হাজার ৭২৯ টাকা আর ৩৫ কেজির দাম পড়বে ৩ হাজার ৯৫৫ টাকা।
এর আগে গত জানুয়ারি মাসে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপি গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।
এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সেন্টমার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা
