সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করাসহ চার থানার অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু’টিকে একত্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়।
এ ছাড়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs অপরিবর্তিত থাকবে।
সভায় গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ ও কক্সবাজারের মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপন এবং নরসিংদীর রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদিত হয়েছে।
এ ছাড়া পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের ৬ জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দিতে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
