, | |

মূলপাতা জাতীয়

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ


যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২৬ ১১:৪৯ : অপরাহ্ণ

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার সন্ধ্যায় নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

কূটনীতিক হিসেবে ক্রিস্টেনসেনের বাংলাদেশে আসাটা এবারই প্রথম নয়। চার বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকা মিশনে পিটার হাসের উত্তরসূরি হলেন। তিনি ঢাকায় ১৯তম মার্কিন দূত। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিস্টেনসেন।

বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দূতাবাসের এক বিবৃতিতে নতুন এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি ও আমার স্ত্রী এমন একটি দেশে ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত, যে দেশটি আমাদের কাছে বহু সুখস্মৃতির অধিকারী।’

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য গর্বের বিষয়। এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মধ্যদিয়ে ঢাকা মিশন শুরু করবেন নতুন মার্কিন দূত। আজ মঙ্গলবার তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার প্রধান নুরাল ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আকাশে ‘রহস্যময়’ বিমান, কীসের ইঙ্গিত দিচ্ছে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর