, | |

মূলপাতা আন্তর্জাতিক

নিউ ইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রী


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২৬ ৯:১৯ : অপরাহ্ণ

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে তোলা হয়েছে।

সকালে মাদুরো ও ফ্লোরেসকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে নিউইয়র্কের একটি আদালত ভবনে নেওয়া হয়। তাদেরকে এ সময় বাদামি রঙের পোশাকে দেখা গেছে। তাদেরকে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সশস্ত্র সদস্যরা কড়া নিরাপত্তায় আদালতে নেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মাদুরোক হেলিকপ্টার থেকে টেনেহিঁচড়ে নামানো হচ্ছে। হাতে হাতকরা পড়ার কারণে তিনি হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না। ফলে তাকে অনেকটা টেনে নামানো হয়। হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তবে মাদুরো স্ত্রীর ও ফাস্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি তিনি।

 

এর আগে গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

এরপর মাদুরোকে তুলে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, ‘মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব ছিল না।’

এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির রাজধানী কারাকাসে মার্কিন হামলায় নিহত ৩২ জন কিউবার নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, তারা ‘কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছেন’।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হয়নি এবং এতে তিনি গভীর উদ্বিগ্ন।

আরও পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে তুলে আনে মার্কিন বাহিনী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর