, | |

মূলপাতা বিএনপি

ভাবতেই পারছি না নেত্রী আমাদের মাঝে নেই, অশ্রুসিক্ত কণ্ঠে ফখরুল


খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫ : পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর দলের বক্তব্য ও কর্মসূচির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেই সেটা আমরা যারা তার রাজনৈতিক সহযোদ্ধা, তার কর্মী হিসেবে এটা ভাবতেও পারি না।’

আজ মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে মানুষটি দেশের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন তার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতার তৈরি করবে। গণতান্ত্রিক বিশ্বে শূন্যতার সৃষ্টি করবে।’

দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করবেন। একই সঙ্গে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান কার্যালয়ে শোকবই খোলা থাকবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার সকাল ৬টায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে কিডনি জটিলতা, হৃদরোগ ও নিউমোনিয়ায় তার অবস্থার আরও অবনতি হয়। ১ ডিসেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, করেছেন কারাভোগ। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি তাকে। ফলে ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরদিন ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে যেতে হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়া আর নেই

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর