, | |

মূলপাতা বিএনপি

প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান


আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৮ ডিসেম্বর, ২০২৫ ৩:০৯ : অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কার্যালয়ে এটাই তার প্রথম আসা। আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে এই অফিসে আসেন।

কার্যালয়ে পৌঁছালে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কার্যালয়ের দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, শুধু গুলশান কার্যালয়ই নয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এ ছাড়া গুলশানে পৃথক একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান।

২০১২ সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর থেকে তারেক রহমান দীর্ঘ সময় সেখানেই অবস্থান করছেন। এই সময়কালে দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শ’খানেক মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল।

আরও পড়ুন: ৮টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর