রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর ২০২৫, ২:২০ অপরাহ্ণ
সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ অফিশিয়াল পেজটি রিমুভ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে করা পোস্টে রিপোর্ট করে তার পেজটি সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লাখের অধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।
সাবেক এই উপদেষ্টা বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই বিপ্লবী।
এ হত্যাকান্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) তদন্তাধীন রয়েছে। তবে হত্যাকাণ্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও মুল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: এক সাহসী কণ্ঠের প্রস্থান
