ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের প্রথম সারির বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়। গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ওই দুটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা চালায়। এসময় উভয় প্রতিষ্ঠানে কর্মরত সংবাদকর্মীরা ভবনের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় দুটি অনেকাংশেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেন পোড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে ভবন দুটি।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আগুনে ঝলসে যাওয়া ভবন দুটির সামনে সকাল থেকেই ছিল উৎসুক মানুষের ভিড়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবন দুটির প্রধান ফটকে দায়িত্বরত অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ভবন থেকে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। আগুন পুরোপুরিভাবে নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত ১২টার কিছু আগে একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে কার্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর শুরু করে। হামলায় কার্যালয়ের বেশিরভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরে ভবনটিতেও আগুন দেওয়া হয়।
প্রথম আলো অফিসে আগুন দেওয়ার পর উত্তেজিত জনতা রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার অফিসের দিকে অগ্রসর হয়। পরে তারা সেখানেও হামলা, ভাঙচুর, লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে।
একপর্যায়ে হামলাকারীদের থামাতে রাতে ডেইলি স্টার ভবনের সামনে গিয়ে একদল ব্যক্তির হাতে নাজেহাল হন নিউ এইজ সম্পাদক ও সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। এসময় তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দেওয়া হয়।
হামলার সময় সংবাদমাধ্যম দুটির অনেক কর্মী ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বেশ কয়েক ঘণ্টা পর ভোরের দিকে তাদের উদ্ধার করা হয়।
হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর আজ শুক্রবার প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি প্রকাশ হয়নি।
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই ন্যক্কারজনক হামলার প্রেক্ষাপটে তিনি আজ পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
আরও পড়ুন: সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার
