, | |

মূলপাতা বিএনপি

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি


তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২৫ ৭:১৩ : অপরাহ্ণ

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন। ওইদিন দুপুর ১২টার দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার পর থেকে কীভাবে তিনি ফিরবেন সেটা ছিল আলোচনার শীর্ষে।

কূটনৈতিক সূত্রটি জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

জানা যায়, তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট নেই। ব্রিটিশ পাসপোর্ট আছে কি না সেটাও জানা যায়নি। সেক্ষেত্রে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস ছাড়া বিকল্প ছিল না।

এদিকে দেশে ফেরার পর তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করছে বিএনপি। গত ১৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে, যা অতীতে কোনো নেতা পাননি।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। আমরা চাই তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক। আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এমন কোনো ঐতিহাসিক ঘটনা আর না ঘটে, সেভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখার আয়োজন চলছে। সারা দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছে।’

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ নিতে হলে তারেক রহমানকে প্রথমে ভোটার হতে হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর হওয়ায় এ সময়ের মধ্যেই তাকে ভোটার হতে হবে।

এদিকে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিতে গত ৫ ডিসেম্বর ঢাকায় আসেন তিনি।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত। কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পাশেই তার মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন।

দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান। এ লক্ষ্যে ৮৬ নম্বর রোডের ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সংস্কারকাজ প্রায় শেষ হয়েছে।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান। এরপর ২০১২ সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছেন। এই সময়কালে দেশের বাইরে থেকেও তারেক রহমান বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শ’খানেক মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল।

আরও পড়ুন: রিলস বানিয়ে মিলবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর