, | |

মূলপাতা জাতীয়

সিঙ্গাপুর থেকে হাদির স্বাস্থ্যের বিষয়ে যা জানালেন তার ভাই


উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে গতকাল সোমবার ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২৫ ১:০৪ : অপরাহ্ণ

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।

সিঙ্গাপুর থেকে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানিয়েছেন, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করেছে। এখন হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

এ বিষয়ে হাদির বড় ভাই ওমর ফারুক জানান, চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ‍্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি সাড়া দেওয়া শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে। এরপর তার অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, ওসমান হাদির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম আজ মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে গতকাল সোমবার পৌনে ২টার দিকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওসমান হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করছে।

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কর্মকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্পদিনের মধ্যেই ওসমান হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন।

ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার মৃত মাওলানা সৈয়দ আব্দুল হাদির ছোট ছেলে। হাদির ওপর হামলার ঘটনার পর প্রতিবেশীরা ওসমান হাদিদের বাসায় ছুটে এসে তাদের সান্ত্বনা দেন। এ সময় হাদির বোন মাহফুজা বেগম কান্নারত অবস্থায় বলতে থাকেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা তোরে (হাদি) বাঁচতে দেবে না।

আরও পড়ুন: ওসমান হাদিকে গুলি করে যেভাবে ভারতে পালালো দুই শুটার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর