, | |

মূলপাতা রাজধানী

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ


ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২৫ ২:৪৮ : অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।

জানা গেছে, দুপুরের দিকে পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় হাদিকে কাছ থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরই তার সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ওসমান হাদি বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

রাজধানীর মতিঝিল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ানুল ইসলাম বলেন, আমরা শুনেছি তিনি রিকশায় যাচ্ছিলেন, এমন সময় কে বা কারা তাকে গুলি করে। তবে কারা ঘটিয়েছে এবং কিভাবে গুলিবিদ্ধ হয়েছে আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

আরও পড়ুন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর