, | |

মূলপাতা জাতীয়

চলতি সপ্তাহে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল: সিইসি


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২৫ ৫:২১ : অপরাহ্ণ

চলতি সপ্তাহে ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রীম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দেশের নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।’

সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা এক সঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।’

জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে কথা হয়েছে। এছাড়াও সিইসি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও কথা বলেছেন।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসি’র ভাষণ চূড়ান্ত হয়েছে। আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আরও পড়ুন: কে হচ্ছেন সুপ্রীম কোর্টের নতুন প্রধান বিচারপতি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর