, | |

মূলপাতা আইন-আদালত

কে হচ্ছেন সুপ্রীম কোর্টের নতুন প্রধান বিচারপতি


বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২৫ ১:০৬ : অপরাহ্ণ

সুপ্রীম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। এরপর নতুন প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

বর্তমান প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে ছয়জন বিচারপতি রয়েছেন। জ্যেষ্ঠতার ক্রমে তারা হলেন-বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। তাদের মধ্যে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নাম। জ্যেষ্ঠতার দিক থেকেও তারা প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন।

সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। রীতি অনুযায়ী সাধারণত আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নির্বাচিত হন। তবে দেশের ২৫তম প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেন। উত্তাল সেই সময়ে ছাত্র-জনতার দাবি এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আইন বিশ্লেষকরা মনে করছেন, এটি বিচার বিভাগের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। অতীতে দায়িত্ব পালন করা সব প্রধান বিচারপতিকে আপিল বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচার বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, এবারও প্রধান বিচারপতি আপিল বিভাগ থেকেই নিয়োগ পাবেন। সেক্ষেত্রে দেশকে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আশফাকুল ইসলাম বা বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর মধ্যে একজন দায়িত্ব গ্রহণ করবেন, এটি প্রায় নিশ্চিতভাবে বলা যায়।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারে সন্তুষ্ট ৫৪ শতাংশ মানুষ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর