, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৩২ : অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী ও রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। জোটের দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। তবে জোটে গণঅধিকার পরিষদ আসার কথা থাকলেও তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি।

আজ রোববার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। জোটে দলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই এই জোটের যাত্রা শুরু। দীর্ঘদিন ধরেই আমরা একটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমরা চেষ্টা করছি ২৪ এর গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনে আকাঙ্খা দেশ ও দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে নতুন বাংলাদেশ ও সংস্কারের দাবি উঠেছিল। কিন্তু আমরা ঐকমত্য কমিশনের পুরো প্রক্রিয়া ও গত প্রায় দেড় বছরে আমরা তার সম্পূর্ণ বাস্তবায়ন করত পারিনি।’

 

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে, গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের জন্য যারা কাজ করেছে এবং করছে সেসব রাজনৈতিক শক্তিগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছি।’

নাহিদ ইসলাম বলেন, ‘সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐকবদ্ধ থাকবো। শুধু নির্বাচনি জোট নয়, এটা একইসঙ্গে রাজনৈতিক জোট। একসঙ্গেই একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করবো।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘তারুণ্যের উত্থান ঘটেছে। জনগণ আমাদের সঙ্গেই থাকবে। পুরনো দলগুলোর সঙ্গে সংস্কার প্রক্রিয়ায় থেকে আমরা ভুল করেছিলাম। আমরা এখন থেকে নতুনদের সঙ্গে থাকবো। আমাদের সঙ্গে নতুন আরও দল ক্রমান্বয়ে যুক্ত হবে।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি। আমরা প্রাথমিকভাবে তিনটি রাজনৈতিক দল হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়িয়েছে। আমি একটা কথা বলব পুরোনো রাজনীতি দিয়ে কিন্তু পুরোনো ফ্যাসিবাদ দমন করা যায়নি। আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো যথাসাধ্য চেষ্টা করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে। গুম, খুন-হত্যার শিকার হয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ কিন্তু দমানো যায়নি।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর