, | |

মূলপাতা আইন-আদালত

অন্তর্বর্তী সরকারের শপথকে বৈধ ঘোষণা করলো আপিল বিভাগ


২০২৪ সালের ৮ আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১২ : পূর্বাহ্ণ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেয়।

এর আগে, গত ৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের লিভ টু আপিলের শুনানির সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

এ মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সবিরোধী। যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মহসিন রশিদ নামের এক সিনিয়র আইনজীবী। তার যুক্তি ছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা নিরাপত্তাজনিত কারণে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাই সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে সরকার গঠনের বিষয়ে মতামত দেওয়ার পরিস্থিতি তখন বিদ্যমান ছিল না।

এই আইনজীবীর দাবি, সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনে আইনগত ত্রুটি রয়েছে। তবে হাইকোর্ট তার এই যুক্তি গ্রহণ করেনি; রিটটি খারিজ করে দেওয়া হয়।

রিট খারিজ করে হাইকোর্ট বলে, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। পরে আইনজীবী মহসিন রশিদ আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।

গত বছরের ৫ আগস্ট সংঘটিত এক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিতে ৮ আগস্ট শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। বঙ্গভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ওইদিন এ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর