, | |

মূলপাতা রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া


ধানমন্ডি ৩২ নম্বরের সামনে দুটি এক্সকাভেটর নিয়ে আসে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ নভেম্বর, ২০২৫ ২:২৮ : অপরাহ্ণ

একদল লোক ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে বাধা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

জুলাই-মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে একদল লোক আজ সোমবার বেলা ১টার দিকে ৩২ নম্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বারবার থামানোর চেষ্টা করে সরে যেতে বলে পুলিশ। তবে তারা সরে না গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের নিউ মডেল কলেজের গলিতে ঢুকিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে সেনাবাহিনীও বিক্ষোভকারীদের ধাওয়া দেয়।

বিক্ষোভকারীরা পরে নিউ মডেল কলেজের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে সেনাসদস্য ও পুলিশ আবার তাঁদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের একদল পান্থপথ দিয়ে চলে যায়, আরেক দল মিরপুর সড়ক দিয়ে ২৭ নম্বরের দিকে যায়।

বেলা ২টার দিকে পরপর ৪টি সাউন্ড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এর আগে, সেনাবাহিনী পুরো রাস্তা ঘিরে কড়া অবস্থান নেয়। অন্যদিকে এক্সকাভেটরসহ অবস্থান নেওয়া ছাত্র-জনতা আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে। তাদের স্লোগানের মধ্যে ছিল- ‘মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না, ৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি।

এ সময় ছাত্রদের একাংশ বলেন, যত বাধাই আসুক, খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই আমরা ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দিতে চাই। এখান থেকেই আমাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বাড়ির কোনো স্মৃতি আর রাখতে চাই না।

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের একজন বলেন, যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার আমরা প্রথম ধানমণ্ডি ৩২ ভেঙেছিলাম। তখন নিশ্চিহ্ন করতে পারিনি। আজকে যেহেতু শেখ হাসিনার রায়, আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি আমরা আশা করছি ধূলিসাৎ হয়ে যাবে।

আরও পড়ুন: ঢাকায় নিরাপত্তা জোরদার, তল্লাশি-চেকপোস্ট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর