আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এনসিপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী৷
এনসিপির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা৷ এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। বিএনপি ঢাকার বেশির ভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসন ফাঁকা রেখেছে। এনসিপি নেত্রী তাসনিম জারার জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
