রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৭ নভেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন এই পুলিশ সার্জেন্ট।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির স্বাক্ষরিত এক আদেশে তাকে ক্লোজড করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট। মো. আরিফুল ইসলামকে (বিপি-৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।’
এতে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানতে চাইলে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস বলেন, সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর আগে আজ দুপুরে বিএনপি নেতা রিজভী একটি অনুষ্ঠান শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
আরও পড়ুন: তারেকের অনশনের ৬৯ ঘণ্টা, টনক নড়ছে না নির্বাচন কমিশনের
