জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দল।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌনে ২টার দিকে রাজধানীর মৎস্য ভবন মোড়ে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এর আগে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেয়। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যমুনায় যাওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে ছিলেন, তবে আমাদের দাবি ছিল আমরা মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেব না। আমরা প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দিতে চেয়েছি। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন।
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, আমরা ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ আদিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছি। স্মারকলিপি পড়ে শুনিয়েছি। শিল্প উপদেষ্টা আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ৫ দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। নতুবা ঢাকার অবস্থা ভিন্ন হবে।
এর আগে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ আট দল। এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা। পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো।
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে দলে দলে মিছিল নিয়ে পদযাত্রাটি মৎস্য ভবন এলাকায় পৌঁছলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশ্যে রওনা হয়।
আরও পড়ুন: নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কী হবে, জানালো সেনাসদর
