আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের মধ্যে কিছু আসন শরিকদের ছাড়বে দলটি। এছাড়া জটিলতা থাকায় কিছু আসনে মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্র্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি।
প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব বলেন, এটি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা এবং দলের প্রয়োজনে যেকোনো সময় এটি পরিবর্তন হতে পারে।
মির্জা ফখরুল বলেন, ৬৩টি আসনে দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এই আসনগুলোর কিছু জোট শরিকদের জন্য রাখা হয়েছে, এবং বাকিগুলোতে আলোচনার পর পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে।
প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে দলগুলোকে ১ সপ্তাহ সময় দিলো সরকার
