আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে রূপ দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ এই বৈঠকে অংশ নেয়।
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে রূপ দিতে হলে প্রথমেই প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষ করতে হবে। নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রশাসনে যে সব কর্মকর্তা অতীত সরকারের ঘনিষ্ঠ বা দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত, তাদের সরিয়ে দিয়ে সেখানে নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। একইভাবে জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ ও বদলির ক্ষেত্রেও নিরপেক্ষতার নীতি কঠোরভাবে অনুসরণ করার দাবি জানিয়েছি।’
মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ না থাকে, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, সরকারকে সম্পূর্ণভাবে দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ অবস্থায় পরিচালিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে। এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছি, এবং তিনি আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন।’
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করলো সরকার
