আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রোববার দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পরিবেশ উপদেষ্টা জানান, ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাতযাপন করতে পারবে কিনা সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
জীববৈচিত্র্য রক্ষা করতে গত ১ ফেব্রুয়ারি থেকে ৯ মাসের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলো সরকার।
প্রসঙ্গত, পর্যটক নিয়ে সেন্টমার্টিনে ১২টি জাহাজ যাতায়াত করে আসছে। টেকনাফ-সেন্টমার্টিন, ইনানী-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন- এই চারটি নৌপথ দিয়ে এত দিন জাহাজ চলাচল করে আসছিল। এর মধ্যে বর্তমানে শুধু কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে।
সাধারণত টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্টমার্টিনে যাতায়াত করতেন পর্যটকরা। তবে মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতির ফলে নৌপথটিতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনছে বিএনপি
