২০ শতাংশ বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
আজ বুধবার দুপুর ২টার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ ব্লক করেন তারা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়টি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে দুপুর ১ টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। শিক্ষকদের অনেকে রাস্তায় বসে পড়েছেন। আবার অনেকে দাঁড়িয়ে নানা স্লোগান দিচ্ছেন।
এর আগে গত রাতে তারা দাবি আদায়ের জন্য আজ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিবৃতিতে বলেন,‘আগামীকাল বুধবার দুপুর ১২ ঘটিকায় শাহবাগ ব্লকেড পালিত হবে। সারাদেশের শিক্ষক–কর্মচারীরা দলে দলে যোগ দিন। বিজয় আমাদের সুনিশ্চিত।’
গত রোববার থেকে শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাতভর শহীদ মিনারে অবস্থান করছেন।
এর আগে গত রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।
পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যেতে বলে। কিন্তু শিক্ষকদের একটা অংশ তা মানতে রাজি হয়নি। তারা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলতে থাকে। একপর্যায়ে পুলিশ পর পর বেশ কিছু সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ও লাঠিচার্জ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে শিক্ষকদের সরিয়ে দেয়।
শিক্ষকদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ ছাড়া সোমবার থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে গত ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন।
এরপর গত ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। শিক্ষকরা মাসিক সাড়ে ১২হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি, অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িছে।
বর্তমানে, দেশে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক ও ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।
আরও পড়ুন: টাইফয়েড টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু?
