রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৪ অক্টোবর ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ণ
হুমকির ‘সুনির্দিষ্ট তথ্য’ পাওয়ার পর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, এরই মধ্যে সেখানে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরাও রয়েছেন বলে ওই কর্মকর্তারা জানান।
বিষয়টি নিনিশ্চিত করে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটসহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।
পুলিশের গুলশান বিভাগের সরকারি কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে নিরাপত্তা ঝুঁকিটি কী ধরনের এবং সুনির্দিষ্ট হুমকির তথ্যটি কী তা বলেননি এসি মাসুদ কিংবা অন্য কর্মকর্তারা।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা
