বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অর্থ-বাণিজ্য

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়ালো ২ লাখ



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৬ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।

আজ সোমবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করা হয়। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ৪ অক্টোবর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়ানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের ‌দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ১৩৫ টাকায়।

আরও পড়ুন: কানাডার বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর